শিরোনাম

‘জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সংসদ কার্যকর ভূমিকা রাখবে’

সিটিজেন ডেস্ক
‘জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সংসদ কার্যকর ভূমিকা রাখবে’
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি আশা প্রকাশ করেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে এই সংসদ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে নিজ কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে স্পিকার প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে বলেন, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় নীতি-নির্ধারণে নারী প্রতিনিধিত্বের ক্ষেত্রে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। দেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতির প্রেক্ষাপট তুলে ধরে তিনি জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকতে পারে। তবে দেশের যেকোনো সংকট উত্তরণে সরকারি দল, বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক দল সর্বদা একত্রে সমাধানের চেষ্টা করে।

বৈঠকের একটি বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণ-পরবর্তী প্রেক্ষাপট। এ সময় উত্তরণ-পরবর্তী ধাপে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা অব্যাহত রাখা এবং সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি, বর্তমান সংসদে রাজনৈতিক দলগুলোর নারী প্রতিনিধিত্বের অবস্থান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়গুলোও তাদের আলোচনায় গুরুত্ব পায়।

সৌজন্য সাক্ষাতে ইউরোপীয় ইউনিয়নের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতসহ প্রতিনিধিদলের সদস্যবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএকে/