শিরোনাম

শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ

সিটিজেন ডেস্ক
শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ
শেরেবাংলা এ কে ফজলুল হক। ছবি: সংগৃহীত

অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ। দেশবরেণ্য এই নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, ‘বাংলার বাঘ হিসেবে খ্যাত এ কে ফজলুল হক ছিলেন এক অসাধারণ প্রজ্ঞাবান, অসম সাহসী ও বিচক্ষণ রাজনীতিবিদ।’

তিনি বলেন, ‘এ কে ফজলুল হক তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বঙ্গীয় আইন পরিষদের সদস্য, সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতি, কলকাতার মেয়র, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ও পূর্ব বাংলার গভর্নরের পদসহ বহু গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। দক্ষ রাজনীতিবিদ ও সমাজসেবক হিসেবে প্রায় অর্ধশতাব্দীর বেশি সময় ধরে তিনি গণমানুষের কল্যাণে কাজ করে গেছেন।’

প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হককে বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু হিসেবে অবিহিত করেছেন। তিনি বলেন, ‘এ কে ফজলুল হক প্রথম উপলব্ধি করতে পেরেছিলেন, অবিভক্ত বাংলার রাজনীতি বাংলার কৃষিনির্ভর অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দূরদর্শিতা ও অন্তর্দৃষ্টির মাধ্যমে তিনি কৃষক সমাজের স্বার্থকে রাজনৈতিক কাঠামোয় নিয়ে আসতে সক্ষম হন।’

তিনি আরও বলেন, ‘১৯৩৭ সালে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে ফজলুল হক কৃষক-শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রশাসনকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করার উদ্যোগ গ্রহণ করেন। একইসঙ্গে তিনি শিক্ষার প্রসারেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করার পথ সুগম করেন।’

শেরেবাংলা এ কে ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুরের সাতুরিয়া গ্রামের মিঞা বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

ব্রিটিশবিরোধী আন্দোলনেও তার অসামান্য অবদান ছিল। ১৯৪০ সালে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। যার মাধ্যমে উপমহাদেশে বিভিন্ন ভাষাভাষীর জন্য পৃথক রাষ্ট্র গঠনের কথা বলা হয়। এ কে ফজলুল হক ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝামাঝি স্থানে প্রখ্যাত এই রাজনীতিবিদকে সমাহিত করা হয়।

/জেএইচ/