শিরোনাম

‘পাটের জৌলুস ফেরাতে সরকার নানামুখী সহায়তা দিচ্ছে’

সিটিজেন ডেস্ক
‘পাটের জৌলুস ফেরাতে সরকার নানামুখী সহায়তা দিচ্ছে’
ছবি: ভিডিও থেকে নেওয়া

পাটকলগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং পণ্যের গুণগত মান ও বহুমুখীকরণ নিশ্চিত করতে সরকার নানামুখী সহায়তা প্রদান করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

বস্ত্র ও পাটমন্ত্রী সংসদকে জানান, পাট ও পাটজাত পণ্য ঐতিহ্যের জৌলুস হারিয়েছে এমন ধারণা বর্তমান বাস্তবতায় মোটেও সঙ্গতিপূর্ণ নয়। বরং বিশ্বজুড়ে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের গুরুত্ব বাড়ায় প্রাকৃতিক ও বায়োডিগ্রেডেবল তন্তু হিসেবে পাটের চাহিদা নতুন করে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পণ্যের বৈশ্বিক আগ্রহ বাংলাদেশের জন্য নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করেছে। বিশ্বের অন্যতম প্রধান পাট উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশ এ সুযোগ কাজে লাগাতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করে চলেছে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, অভ্যন্তরীণ বাজারে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে সরকার ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ কার্যকরভাবে বাস্তবায়ন করছে। এর ফলে নির্দিষ্ট কিছু পণ্যের মোড়কীকরণে পাটের ব্যবহার বেড়েছে, যা দেশীয় চাহিদা প্রসারে বড় ভূমিকা রাখছে।

এছাড়া পরিবর্তিত বৈশ্বিক বাজার ও প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে পাট আইন ২০১৭ এবং জাতীয় পাটনীতি ২০১৮ সময়োপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে নিয়মিত সংলাপের মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি আশ্বস্ত করেন। দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি আধুনিকীকরণের মাধ্যমে পাটখাতের সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে সরকারের অঙ্গীকার অব্যাহত রয়েছে।

/এমএকে/