শিরোনাম

জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের কমিটি গঠন

সিটিজেন ডেস্ক
জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের কমিটি গঠন
সংসদ অধিবেশন। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে দেশে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব জাতীয় সংসদে পাস হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এই প্রস্তাবটি উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইরান-ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে দেশের জ্বালানি সংকট নিরসনে এমন একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তাব অনুযায়ী, কমিটি গঠনের প্রজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে আগামী ৩০ দিনের মধ্যে কমিটিকে পরিস্থিতি পর্যালোচনা করে সুপারিশসহ একটি বিস্তারিত প্রতিবেদন সংসদে জমা দিতে হবে।

চিফ হুইপ নুরুল ইসলাম সংসদে প্রস্তাবটি উত্থাপনের সময় জানান, জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের এমন সম্মিলিত উদ্যোগের নজির বাংলাদেশে বেশ বিরল। এর আগে কেবল দেশে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় উত্তরণের সময়ে সরকার ও বিরোধী দলকে এভাবে একমত হতে দেখা গিয়েছিল।

১০ সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল মোহাম্মদ টুকু। কমিটিতে সরকার দলীয় অন্য ৪ সদস্য হলেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফউদ্দিন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মইনুল ইসলাম শান্ত এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।

অন্যদিকে, বিরোধী দল থেকে এই কমিটিতে স্থান পেয়েছেন ৫ জন সদস্য। তারা হলেন ঢাকা-১২ আসনের সাইফুল আলম মিলন, ঢাকা-১৬ আসনের আবদুল বাতেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. নূরুল ইসলাম, এনসিপির কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং বাংলাদেশ খেলাফত মজলিশের সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান।

/এমএকে/