শিরোনাম

ডিসি সম্মেলন শুরু রবিবার

বিশেষ প্রতিনিধি
ডিসি সম্মেলন শুরু রবিবার
ছবি: সিটিজেন গ্রাফিক্স

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রবিবার (৩ মে) থেকে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। দেশের মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সরকারের নীতিনির্ধারকদের সরাসরি মতবিনিময় ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। ৩ মে থেকে ৬ মে পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।

এবার ডিসি সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন রাখা হয়েছে। প্রথম দিন (৩ মে) সম্মেলনের উদ্বোধন করবেন প্রধামন্ত্রী তারেক রমাহন। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। প্রথম দিনের শেষভাগে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং তার কাছ থেকে দিকনির্দেশনা নেবেন ডিসিরা।

দ্বিতীয় দিনে (৪ মে) বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ডিসিদের অধিবেশন অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় ও নৈশভোজের আয়োজন করা হয়েছে।

তৃতীয় দিনে (৫ মে) বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং তার কাছ থেকে দিকনির্দেশনা নেবেন ডিসিরা। বিকালে এক সংক্ষিপ্ত আপ্যায়ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ডিসি সম্মেলনের শেষ দিনে (৬ মে) বিভিন্ন সেশন ছাড়াও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হবে। সবশেষ প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজের মাধ্যমে এবারের জেলা প্রশাসক সম্মেলনের সমাপ্তি ঘটবে।

মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং সরকারের নীতিনির্ধারকদের মধ্যে সেতুবন্ধন তৈরির একটি বড় মাধ্যম ডিসি সম্মেলন। এই সম্মেলনের মাধ্যমে প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধি পায়। পাশাপাশি নীতিনির্ধারণী সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া বিভিন্ন জেলায় নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে সরাসরি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের সঙ্গে কথা বলার সুযোগ থাকে। সম্মেলনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

/জেএইচ/