শিরোনাম

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী
সংসদ অধিবেশনে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারী বর্ষণে হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ এপ্রিল) সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে জাতীয় সংসদকে এ কথা জানান প্রধানমন্ত্রী।

সংসদ অধিবেশনে সম্পূরক প্রশ্নের সুযোগ পেয়ে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ বলেন, ‘প্রবল বর্ষণে সুনামগঞ্জ হাওরসহ সব হাওর তলিয়ে যাচ্ছে। আমাদের কৃষকরা মাঠে লড়াই করছে, ধান কাটার জন্য। এ বিষয়ে সহযোগিতা করতে প্রধানমন্ত্রীসহ সবার দৃষ্টি আকর্ষণ করছি।’

বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘গত তিনদিন আগে আবহাওয়া পূর্বাভাস শুনে হাওর বেষ্টিত তিনটি জেলায় স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছিলাম যে, পূর্বাভাস অনুযায়ী যদি ভারী বর্ষণ হয়– তবে আগাম প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

তিনি আরও বলেন, ‘আজকে অধিবেশন শুরুর আগেই আমি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। ময়মনসিংহের কিছু আঞ্চলসহ ওই তিনটি জেলায় প্রবল বর্ষণে যেসব এলাকাতে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের চিহ্নিত করে আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার চেষ্টা করবো।’

/এফআর/