শিরোনাম

কোস্ট গার্ডকে যুগোপযোগী বাহিনী করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
কোস্ট গার্ডকে যুগোপযোগী বাহিনী করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (মাঝে)। ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ড আজ আস্থার প্রতীকে পরিণত হয়েছে। এই বাহিনীকে একটি আধুনিক, শক্তিশালী ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) কোস্ট গার্ড দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর আগারগাঁওস্থ কোস্ট গার্ড সদর দপ্তরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৯৫ সালে বেগম খালেদা জিয়ার হাত ধরেই ‘গার্ডিয়ান অ্যাট সি’ মূলমন্ত্রে এই বাহিনীর যাত্রা শুরু হয়েছিল। এই বাহিনী মাদক চোরাচালান রোধ, মানব পাচার বন্ধ, জলদস্যু দমন এবং সুন্দরবনের বনজ ও মৎস্য সম্পদ রক্ষায় সাহসিকতার পরিচয় দিয়েছে। সুন্দরবনে গত এক বছরে ২৯টি সফল অভিযানে ৩৫ জন ডাকাত গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও কাঠ উদ্ধারের জন্য বাহিনীর সদস্যদের ভূয়সী প্রশংসা করেন তিনি।

কোস্ট গার্ডের আধুনিকায়ন প্রসঙ্গে তিনি বলেন, বাহিনীর সক্ষমতা বাড়াতে সম্প্রতি বহরে ৩টি সার্ভেইলেন্স ড্রোন যুক্ত হয়েছে। জাইকার অর্থায়নে ১টি মাল্টিরোল রেসপন্স ভেসেল ও ২টি অফশোর প্যাট্রোল ভেসেল নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এছাড়া খুলনা শিপইয়ার্ডের মাধ্যমে বুলেটপ্রুফ হাই-স্পিড বোট ক্রয় এবং ভবিষ্যতে হেলিকপ্টার ও মেরিটাইম সারভেইলেন্স সিস্টেম সংযোজনের পরিকল্পনা সরকারের রয়েছে। বাহিনীর জনবল ১০ হাজারে উন্নীত করার কাজও প্রক্রিয়াধীন বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

মন্ত্রী বাংলাদেশ কোস্ট গার্ড এর কর্মকর্তা, নাবিক এবং অসামরিক ব্যক্তিবর্গের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য ১৪ জন সদস্যের হাতে পুরস্কার তুলে দেন। এর মধ্যে চারজন বাংলাদেশ কোস্ট গার্ড পদক, চারজন বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক, তিনজন প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক এবং তিনজন প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদকপ্রাপ্ত হন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

/জেএইচ/