শিরোনাম

কাঁটাতারের বেড়া নির্মাণে ৪৫ দিনের মধ্যে জমি পাবে বিএসএফ

সিটিজেন ডেস্ক
কাঁটাতারের বেড়া নির্মাণে ৪৫ দিনের মধ্যে জমি পাবে বিএসএফ
পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: আনন্দবাজার

বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আগামী ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সোমবার (১১ মে) হাওড়ায় অবস্থিত রাজ্য সচিবালয়ে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি জানান, সীমান্ত এলাকায় বেড়া নির্মাণের জন্য যেসব জমি প্রয়োজন, সেগুলো দ্রুত বিএসএফের কাছে বুঝিয়ে দিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

শুভেন্দু বলেন, ৪৫ দিনের মধ্যেই বিএসএফের হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হবে। এ বিষয়ে মুখ্যসচিব এবং ভূমি ও রাজস্বসচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বাংলাদেশ সীমান্তের যেসব অংশ এখনো অরক্ষিত রয়েছে, সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। বিশেষ করে সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকানোর প্রশ্নে বিজেপি বরাবরই এ ইস্যুতে সরব ছিল। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনেও দলটি বিষয়টিকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হিসাবে সামনে আনে।

দীর্ঘদিন ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারকে পরাজিত করে এবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন মমতার একসময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী শুভেন্দু অধিকারী। সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

/এমআর/