শিরোনাম

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে

সিটিজেন ডেস্ক
পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ আজ সকাল ৭টা থেকে শুরু হয়েছে। কলকাতা, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান এ সাতটি জেলার মোট ১৪২টি আসনে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি বুথ ও স্পর্শকাতর এলাকায় বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে ৩৮ হাজার ২৯৭ জন রাজ্য পুলিশ। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভারত-বাংলাদেশ সীমান্ত সাময়িকভাবে বন্ধ করেছে নির্বাচন কমিশন।

এবারের লড়াইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ মোট ১,৪৪৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হচ্ছে, যার মধ্যে ২২০ জন নারী প্রার্থী রয়েছেন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনের ঠিক ২৪ ঘণ্টা আগে ভোটাধিকার ফিরে পেয়েছেন প্রায় দেড় হাজার নতুন ভোটার, যা এ দফার অন্যতম উল্লেখযোগ্য ঘটনা।

মোট ৪১ হাজার ১টি বুথের মধ্যে প্রধান বুথ ৩৯ হাজার ৩০১ ও সহায়ক বুথ প্রায় ১ হাজার ৭০০টি। এছাড়া ২৯৮টি মডেল ভোটকেন্দ্রে ও রয়েছে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য রয়েছে ১৩টি বিশেষ ভোটগ্রহণ কেন্দ্র। প্রথম দফায় ৯৩.১৯ শতাংশ ভোটের রেকর্ড গড়ার পর আজকের জনমত কোন দিকে যায়, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে টানটান উত্তেজনা। এ দীর্ঘ নির্বাচনি প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল জানা যাবে ৪ মে ভোট গণনার পর।

সূত্র: দ্য হিন্দু

/এমএকে/