শিরোনাম

যুদ্ধ পুনরায় শুরু হতে পারে: ইরান

সিটিজেন ডেস্ক
যুদ্ধ পুনরায় শুরু হতে পারে: ইরান
ছবি: সংগৃহীত

ওয়াশিংটন কোনো ধরনের চুক্তি বা সমঝোতার প্রতি শ্রদ্ধাশীল নয় দাবি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হওয়ার বিষয়ে কড়া সতর্কতা জারি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সাম্প্রতিক বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে এই আশঙ্কার কথা জানিয়ে স্পষ্ট করা হয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো অবিবেচক পদক্ষেপের উপযুক্ত জবাব দিতে তাদের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সামরিক সদর দফতরের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদি মার্কিন নীতির তীব্র সমালোচনা করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বর্তমান বক্তব্য ও আনুষঙ্গিক পদক্ষেপগুলো পুরোপুরি গণমাধ্যমনির্ভর। এর পেছনে মূলত দুটি উদ্দেশ্য কাজ করছে। প্রথমত, বিশ্ববাজারে তেলের দামের পতন ঠেকানো এবং দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে তারা নিজেরা যে জটিল রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি সৃষ্টি করেছে, সেখান থেকে কৌশলে নিজেদের প্রত্যাহার করে নেওয়া।

বিবৃতিতে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের বিষয়টিও বিশেষভাবে উঠে এসেছে। জাফর আসাদি দাবি করেন, বর্তমান অস্থিতিশীল প্রেক্ষাপটে মার্কিনিদের যেকোনো নতুন দুঃসাহসিক বা অবিবেচক কর্মকাণ্ড মোকাবিলার জন্য ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, পরাশক্তিগুলোর এমন পাল্টাপাল্টি অবস্থান ও পারস্পরিক অবিশ্বাসের কারণে গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও বেশি অনিশ্চিত হয়ে পড়ছে। ইরানের এই কঠোর বিবৃতির ফলে অদূর ভবিষ্যতে ওই অঞ্চলে নতুন করে বড় ধরনের সংঘাত ও উত্তেজনা ছড়িয়ে পড়ার গভীর আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/