শিরোনাম

রেকর্ড গড়া মিশন শেষে নিজ ঘাঁটিতে ফিরছে বিশ্বের বৃহত্তম রণতরি

সিটিজেন ডেস্ক
রেকর্ড গড়া মিশন শেষে নিজ ঘাঁটিতে ফিরছে বিশ্বের বৃহত্তম রণতরি
মার্কিন রনতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ছবি: সংগৃহীত

টানা ৩০০ দিনেরও বেশি সময় সমুদ্রে রেকর্ড গড়া অভিযান শেষে অবশেষে নিজ ঘাঁটিতে ফিরছে মার্কিন নৌবাহিনীর গর্ব, বিশ্বের বৃহত্তম রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী দায়িত্ব পালন শেষে শীঘ্রই রণতরিটি এই অঞ্চল ত্যাগ করবে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্যটি প্রকাশ্যে এনেছে।

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের ২ উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই রণতরিটি মধ্যপ্রাচ্য অঞ্চল ছেড়ে রওনা হবে এবং মে মাসের মাঝামাঝি সময়ে ভার্জিনিয়াতে তার নিজস্ব ঘাঁটিতে পৌঁছাবে। এ খবরটি সর্বপ্রথম প্রকাশ করেছিল মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। মূলত মধ্যপ্রাচ্যে ইরানের সাথে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন সামরিক শক্তি প্রদর্শন ও নিরাপত্তা জোরদার করতে এ বিশাল যুদ্ধজাহাজটি মোতায়েন করা হয়েছিল। বর্তমানে এই অঞ্চলে ইউএসএস ফোর্ডের পাশাপাশি ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ এবং ইউএসএস আব্রাহাম লিংকনসহ আরও তিনটি মার্কিন রণতরি অবস্থান করছে।

গত বছরের জুন মাসে ভার্জিনিয়ার নরফোক নেভাল স্টেশন থেকে যাত্রা শুরু করার পর টানা প্রায় ১০ মাস সমুদ্রে অবস্থান করছে ইউএসএস ফোর্ড। এ দীর্ঘ সফরের মাধ্যমে এটি ভিয়েতনাম যুদ্ধ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘমেয়াদী মোতায়েন থাকা রণতরির নতুন মাইলফলক স্পর্শ করেছে। ইউএস নেভাল ইনস্টিটিউট নিউজ-এর তথ্য অনুযায়ী, গত ৫০ বছরের ইতিহাসে এটিই কোনো মার্কিন রণতরির দীর্ঘতম অভিযান। এর আগে ২০২০ সালে ইউএসএস আব্রাহাম লিংকন টানা ২৯৪ দিন সমুদ্রে অবস্থান করে রেকর্ড গড়েছিল, যা এবার ভেঙে দিয়েছে ইউএসএস ফোর্ড। আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, রণতরিটি ২৯৫ দিনের মাইলফলক অতিক্রম করার মাধ্যমেই মার্কিন নৌবাহিনীর ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত করেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এমএকে/