শিরোনাম

বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি যুক্তরাষ্ট্র: ইরান

সিটিজেন ডেস্ক
বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি যুক্তরাষ্ট্র: ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তেহরানের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যানের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রকে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন।

সোমবার (১১ মে) এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এবং তাদের ঘাঁটিগুলোই এ অঞ্চলে দীর্ঘস্থায়ী সহিংসতা ও উৎপীড়নের মূল উৎস। বাঘাই বলেন, যুদ্ধবিরতির ক্ষেত্রে ওয়াশিংটনের দাবিগুলো একেবারেই অযৌক্তিক, যেখানে ইরানের পক্ষ থেকে অত্যন্ত যুক্তিসঙ্গত প্রস্তাব পেশ করা হয়েছে।

ইরানের এ মুখপাত্র তেহরানের প্রধান দাবিগুলো পুনর্ব্যক্ত করে বলেন, চলমান যুদ্ধের অবসান, ইরানের ওপর থেকে মার্কিন অবরোধ ও জলদস্যুতা প্রত্যাহার এবং বিভিন্ন দেশের ব্যাংকে আটকে রাখা ইরানি সম্পদ মুক্তি দেওয়া জরুরি। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল এবং মধ্যপ্রাচ্য ও লেবাননে স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর জোর দেন। এ প্রস্তাবগুলোকে তিনি একটি উদার ও দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ইরান এ অঞ্চলে একটি দায়িত্বশীল শক্তি হিসেবে কাজ করছে এবং তারা কোনো ধরনের জবরদস্তির পক্ষে নয়।

বর্তমানে পারস্পরিক পাল্টাপাল্টি পদক্ষেপের অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালি অবরোধ করায় যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলো অবরোধ করে রেখেছে। এমন উত্তেজনার মধ্যেই তেহরান লেবাননেও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দাবি তুলেছে, যদিও সেখানে বিদ্যমান একটি নামমাত্র যুদ্ধবিরতি বর্তমানে প্রায় অকার্যকর। বাঘাই ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করে দিয়ে বলেন, তারা যেন হরমুজ প্রণালিতে কোনো যুদ্ধজাহাজ না পাঠায়। তিনি দেশগুলোকে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান যা তাদের নিজস্ব স্বার্থকে ক্ষুণ্ণ করতে পারে। সংবাদ সম্মেলনের শেষে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্মিলিতভাবে ইরানের বিরুদ্ধে বেআইনি আগ্রাসন শুরু করেছে এবং এ প্রতারণামূলক পথে ইউরোপের পা বাড়ানো উচিত হবে না।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এমএকে/