শিরোনাম

হরমুজ প্রণালি অবরোধ: পানামা খালে বেড়েছে জাহাজ চলাচল

সিটিজেন ডেস্ক
হরমুজ প্রণালি অবরোধ: পানামা খালে বেড়েছে জাহাজ চলাচল
ছবি: সংগৃহীত

ইরান ও মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করা পানামা খালে জাহাজ চলাচলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পানামা খাল কর্তৃপক্ষের অর্থ বিভাগের প্রধান ভিক্টর ভিয়াল জানিয়েছেন, গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত গতবারের তুলনায় প্রায় ৩০০টি অতিরিক্ত জাহাজ এই জলপথ পাড়ি দিয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সভায় ভিক্টর ভিয়াল বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতির সমাধান না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে বলে আমরা মনে করছি। মূলত ইরান উপকূলীয় হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকা এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে বাণিজ্যিক জাহাজগুলো তাদের নিয়মিত পথ পরিবর্তন করছে।

অনেক ক্ষেত্রে বিকল্প দেশ থেকে পণ্য কেনাকাটার প্রয়োজনেও জাহাজগুলো এখন পানামা খাল ব্যবহারকে প্রাধান্য দিচ্ছে। উল্লেখ্য, এ খাল পার হতে জাহাজভেদে গড়ে ৩ থেকে ৪ লাখ ডলার খরচ হয়। তবে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, দ্রুত পারাপার নিশ্চিত করতে কোনো কোনো জাহাজকে বাড়তি ফি হিসেবে ৪ লাখ ২৫ হাজার ডলার পর্যন্ত গুণতে হচ্ছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/