শিরোনাম

চূড়ান্ত চুক্তি থেকে অনেক দূরে ইরান-যুক্তরাষ্ট্র: গালিবাফ

সিটিজেন ডেস্ক
চূড়ান্ত চুক্তি থেকে অনেক দূরে ইরান-যুক্তরাষ্ট্র: গালিবাফ
ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরান চূড়ান্ত চুক্তি থেকে এখনো অনেক দূরে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। শনিবার (১৮ এপ্রিল) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একটি কার্যকর চুক্তিতে পৌঁছাতে দুই দেশকেই এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। গালিবাফ জানান, আলোচনায় কিছু বিষয়ে একমত হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।

এদিকে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অব্যাহত অবরোধের প্রতিবাদে শনিবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করে দিয়েছে তেহরান। ইরানের এ কঠোর পদক্ষেপ চলমান আলোচনা প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। সংবাদমাধ্যম সিএনএন এর বরাত দিয়ে একটি ইরানি সূত্র জানিয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামবাদে সোমবার (২০ এপ্রিল) দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক হওয়ার কথা ছিল এবং এজন্য রবিবার (১৯ এপ্রিল) ইরানি প্রতিনিধি দলের পাকিস্তান পৌঁছানোর কথা। তবে হরমুজ প্রণালি বন্ধের উদ্ভূত পরিস্থিতিতে এ আলোচনা আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

পার্লামেন্ট স্পিকার গালিবাফ হরমুজ প্রণালির বর্তমান অবস্থাকে ইরানের জন্য একটি কৌশলগত বিজয় হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, শত্রুপক্ষের হাতে এখনো অর্থ ও অস্ত্র থাকলেও কৌশলগত লড়াইয়ে তারা ইরানের কাছে পরাজিত হয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল ২ সপ্তাহের জন্য যে যুদ্ধবিরতি শুরু হয়েছিল, তার মেয়াদ এখন শেষের দিকে। বর্তমান সংঘাতময় পরিস্থিতি সেই শান্তি প্রক্রিয়াকে ফের অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/