শিরোনাম

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার জব্দ করলো ইরান

সিটিজেন ডেস্ক
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার জব্দ করলো ইরান
ছবি: সংগৃহীত

কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে একটি তেলবাহী বিদেশি ট্যাংকার জব্দ করেছে ইরান। দেশটির তেল রপ্তানি কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টার অভিযোগে জাহাজটিকে আটক করা হয়েছে। শুক্রবার (৮ মে) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

আটককৃত বার্বাডোজের পতাকাবাহী ট্যাংকারটিতে ইরানের তেল বহন করা হচ্ছিল বলে দাবি করেছে তেহরান। ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, আঞ্চলিক অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে একটি চক্র দেশটির তেল রপ্তানিতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছিল। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ওশান কোই নামের জাহাজটিকে ইরানের দক্ষিণ উপকূলে নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রমের জন্য বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ট্যাংকারটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র, যদিও সেই নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট কারণ তখন জানানো হয়নি। বর্তমানে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান উত্তজনা ও সংঘর্ষের মধ্যেই এ নতুন ঘটনাটি ঘটল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে সংঘাত শুরুর পর থেকেই বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে তেহরান।

সূত্র: রয়টার্স

/এমএকে/