শিরোনাম

আলোচনার জন্য সদিচ্ছা ও আন্তরিকতা প্রয়োজন: ইরান

সিটিজেন ডেস্ক
আলোচনার জন্য সদিচ্ছা ও আন্তরিকতা প্রয়োজন: ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: সংগৃহীত

চলমান বিরোধ নিরসনে কার্যকর ও অর্থবহ আলোচনা চালাতে হলে পক্ষগুলোর মধ্যে প্রকৃত সদিচ্ছা ও আন্তরিকতার উপস্থিতি জরুরি বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, গঠনমূলক আলোচনার ক্ষেত্রে কোনো ধরনের প্রতারণা বা জবরদস্তির স্থান নেই; বরং লক্ষ্য হওয়া উচিত আন্তরিকভাবে বিরোধ নিষ্পত্তির পথ খোঁজা।

তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক আদালত (আইসিজে)-এর ২০১১ সালের একটি রায়ের আলোকে ‘আলোচনা’ বলতে শুধু আনুষ্ঠানিক বৈঠক বোঝায় না; বরং এর সঙ্গে জড়িত থাকে বিরোধ মীমাংসার উদ্দেশ্যে বাস্তব ও আন্তরিক প্রচেষ্টা। অর্থাৎ, আলোচনায় অংশগ্রহণ মানেই কেবল উপস্থিত থাকা নয়, বরং সমাধানের লক্ষ্য নিয়ে সক্রিয়ভাবে এগিয়ে যাওয়া।

এদিকে, সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে চলমান উত্তেজনা নিরসনে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কিছু অগ্রগতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তেহরান বর্তমানে ওয়াশিংটনের নতুন প্রস্তাবটি খতিয়ে দেখছে বলেও জানা গেছে। এমন প্রেক্ষাপটে ইরানের এই অবস্থানকে কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা, যেখানে তারা বিশ্বাসযোগ্য ও ন্যায্য আলোচনার ওপর জোর দিচ্ছেন।

সূত্র: আল জাজিরা

/এমআর/