শিরোনাম

নাটকীয়তার অবসান ঘটিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর চেয়ারে বিজয়

সিটিজেন ডেস্ক
নাটকীয়তার অবসান ঘটিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর চেয়ারে বিজয়
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৪ দিনের তীব্র রাজনৈতিক নাটকীয়তা আর টানটান উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে তামিলনাড়ুর শাসনভার হাতে নিতে চলেছেন বিজয়। শুক্রবার (৮ মে) বিকেলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার মাধ্যমে দীর্ঘ ৬২ বছরের দ্রাবিড় রাজনীতির প্রথাগত ছক ভেঙে এক নতুন ইতিহাস তৈরি করল তার দল তামিলগা ভেট্টি কাঝাগম (টিভিকে)।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে ১০৮টি আসনে জয়লাভ করে একক বৃহত্তম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিল বিজয়ের দল। এর মধ্য দিয়ে ডিএমকে এবং এআইএডিএমকে-র কয়েক দশকের দ্বিমেরু শাসনের অবসান ঘটলেও ম্যাজিক ফিগার ১১৮ থেকে কিছুটা দূরে আটকে ছিল টিভিকে। রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, প্রয়োজনীয় সমর্থন ছাড়া বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হবে না। গত কয়েক দিনে দফায় দফায় বৈঠকেও কোনো সমাধান না আসায় তৈরি হয়েছিল গভীর অনিশ্চয়তা। তবে আজ দুপুরে ডিএমকে শিবির ত্যাগ করা কংগ্রেসের ৫ জন বিধায়কের পাশাপাশি বাম দল (সিপিআইএম ও সিপিআই) এবং ভিসিকে-র ৬ জন বিধায়ক বিজয়কে সমর্থনের সিদ্ধান্ত জানানোয় সমীকরণ পুরোপুরি বদলে যায়।

আদর্শগতভাবে ভিন্ন মেরুর হলেও বিজয়কে ঠেকাতে ডিএমকে ও এআইএডিএমকে-র সম্ভাব্য জোটের যে গুঞ্জন তৈরি হয়েছিল, এ নতুন রাজনৈতিক মেরুকরণে তা ধূলিসাৎ হয়ে গেছে। বর্তমানে ১১৯ জন বিধায়কের সমর্থন থাকায় বিজয়ের সরকার গঠন এখন সময়ের ব্যাপার মাত্র। এদিকে চেন্নাইয়ে বিজয়ের বাড়ির সামনে ‘থালাপথি’ ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে, চলছে বিজয় উৎসব। আজকের রাজভবন বৈঠকের পরেই চূড়ান্ত হবে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের আনুষ্ঠানিক দিনক্ষণ।

সূত্র: এনডিটিভি

/এমএকে/