শিরোনাম

ইরানের নতুন শান্তি প্রস্তাব মানতে নারাজ ট্রাম্প

সিটিজেন ডেস্ক
ইরানের নতুন শান্তি প্রস্তাব মানতে নারাজ ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

টানা ৩ সপ্তাহ ধরে চলা ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই তেহরানের দেওয়া নতুন একটি প্রস্তাব পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি আগেই জানিয়ে দিয়েছেন, এ প্রস্তাবটি গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা খুবই কম। ট্রাম্পের এমন অনমনীয় অবস্থান এবং পাল্টাপাল্টি হুমকির কারণে যেকোনো মুহূর্তে যুদ্ধবিরতি ভেঙে গিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরুর শঙ্কা আরও প্রবল হয়ে উঠেছে।

শনিবার (২ মে) সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের প্রস্তাবটি পর্যালোচনার কথা জানান। তবে ফ্লোরিডার মিয়ামিতে যাওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আবারও ইরানে হামলা শুরুর ইঙ্গিত দিয়ে বলেন, সংঘাত আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেন, দীর্ঘসময় ধরে চলা এ পরিস্থিতিতে হয়তো কোনো চুক্তি না হওয়াই যুক্তরাষ্ট্রের জন্য বেশি ভালো হবে। ট্রাম্প প্রশাসনের এমন যুদ্ধংদেহী মনোভাবের বিপরীত চিত্র দেখা গেছে মার্কিন জনগণের মধ্যে। শুক্রবার (১ মে) প্রকাশিত ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজ-ইপসোস এর এক জনমত জরিপে দেখা গেছে, প্রতি ১০ জন মার্কিনির মধ্যে ৬ জনই ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগকে ভুল সিদ্ধান্ত বলে মনে করেন। এর মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে জাহাজ পারাপারের জন্য ইরানকে টোল দিলে শিপিং কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

তেহরান তাদের ১৪ দফার নতুন প্রস্তাবটি পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি জানান, যুদ্ধ বন্ধ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই তাদের প্রধান লক্ষ্য। তবে ট্রাম্প একদিকে যুদ্ধবিরতির কথা বলছেন, অন্যদিকে হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ বজায় রেখেছেন, যাকে তেহরান সরাসরি যুদ্ধঘোষণা হিসেবেই বিবেচনা করছে। এ পরিস্থিতিতে ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

/এমএকে/