শিরোনাম

ইরানি জাহাজে মার্কিন বাহিনীর অভিযানের ভিডিও প্রকাশ

সিটিজেন ডেস্ক
ইরানি জাহাজে মার্কিন বাহিনীর অভিযানের ভিডিও প্রকাশ
ছবি: সংগৃহীত

ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী তুস্কা নামের একটি জাহাজ জব্দের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। রবিবার (১৯ এপ্রিল) মার্কিন মেরিনদের পরিচালিত বিশেষ রাত্রিকালীন অভিযানের ভিডিওটি প্রকাশ্যে আনা হয়।

সেন্টকমের দেওয়া তথ্য অনুযায়ী, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়ান্স থেকে অন্তত ৬ ঘণ্টা ধরে জাহাজটিকে একাধিক সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তবে সেই সতর্কতা উপেক্ষা করায় শেষ পর্যন্ত জাহাজটির ইঞ্জিনরুমে গুলি চালায় মার্কিন বাহিনী। এতে প্রপালশন ব্যবস্থা অচল হয়ে পড়লে ইউএসএস ট্রিপোলিতে অবস্থানরত মার্কিন মেরিনরা হেলিকপ্টারের সাহায্যে অভিযান শুরু করেন।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গভীর রাতে হেলিকপ্টার থেকে দড়ির সাহায্যে মেরিনরা জাহাজটিতে নামছেন এবং সফলভাবে সেটির নিয়ন্ত্রণ নিচ্ছেন। মূলত জাহাজটি অচল করে দেওয়ার পরই মার্কিন বাহিনী সেটিতে আরোহণ করে এবং অভিযান সম্পন্ন করে। সংশ্লিষ্ট জাহাজটি বর্তমানে মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/