শিরোনাম

দক্ষিণ লেবাননে পানি শোধনাগারে ইসরায়েলি হামলা

সিটিজেন ডেস্ক
দক্ষিণ লেবাননে পানি শোধনাগারে ইসরায়েলি হামলা
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তি জারি থাকা সত্ত্বেও লেবাননের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিত হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। দেশটির জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, লেবাননের বাতুলিয়েহ শহরের একটি পানি শোধনাগার লক্ষ্য করে সম্প্রতি হামলা চালানো হয়েছে। এনএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, শহরটির অবশিষ্ট বাসিন্দারা তাদের দৈনন্দিন পানির চাহিদার জন্য সম্পূর্ণভাবে ওই শোধনাগারের ওপর নির্ভরশীল ছিলেন। ইসরায়েলি সামরিক বাহিনী শুধু পানি শোধনাগার নয়, আল-বায়াদ শহরের একটি পর্যটন কেন্দ্রও বোমা মেরে উড়িয়ে দিয়েছে বলে সংবাদ সংস্থাটি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ২ পক্ষের সম্মতিতে চুক্তির মেয়াদ আরও তিন সপ্তাহের জন্য বাড়ানো হয়। এ চুক্তির শর্ত অনুযায়ী, ইসরায়েল দাবি করেছে তারা যেকোনো পরিকল্পিত, আসন্ন বা চলমান আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার্থে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের অধিকার নিজেদের হাতে রাখবে। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে সীমান্তে পরিস্থিতির বিশেষ কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি। ইসরায়েল ও হিজবুল্লাহ উভয় পক্ষই প্রতিনিয়ত একে অপরের ওপর হামলার খবর দিচ্ছে এবং পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে ধরছে। মূলত এই পাল্টাপাল্টি সংঘাতের কারণে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়াটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/