শিরোনাম

হরমুজে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা ট্রাম্পের

সিটিজেন ডেস্ক
হরমুজে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

সম্প্রতি হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের তীব্র উত্তেজনা বিরাজ করছে। তবে এর মধ্যেই ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় হরমুজ প্রণালিতে সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার (৫ মে) নিজের মালিকানাধীন সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে অগ্রগতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, চুক্তি চূড়ান্ত করা ও স্বাক্ষর করা সম্ভব কি না, তা দেখার জন্যই প্রজেক্ট ফ্রিডম স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, হরমুজ প্রণালিতে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে প্রণালি পার হতে সহায়তা করার জন্য গত সোমবার থেকে প্রজেক্ট ফ্রিডম নামের একটি অভিযান শুরু করে মার্কিন বাহিনী। সংঘাতে জড়িত নয় এমন দেশের অনুরোধে এই অভিযান বলে জানান ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের এ ধরনের প্রচেষ্টাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল আখ্যা দিয়ে তা প্রতিরোধের ঘোষণা দেয় ইরান।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/