শিরোনাম

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১৪

সিটিজেন ডেস্ক
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১৪
দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলার পর ধোয়ার কুণ্ডুলি। ছবি: বিবিসি

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার (২৬ এপ্রিল) চালানো এই হামলায় আরও অন্তত ৩৭ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে দুই শিশু এবং দুই নারী রয়েছেন বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

একই দিনে দক্ষিণ লেবাননে এক ইসরায়েলি সেনা নিহতের খবর নিশ্চিত করেছে দখলদার বাহিনী। চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এতে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পাশাপাশি পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলার পক্ষে সাফাই গেয়ে বলেছেন, যেকোনো ‘পরিকল্পিত বা আসন্ন’ হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে। যুদ্ধবাজ এই নেতা আরও বলেন, আমাদের এই অভিযানের অর্থ শুধু হামলার জবাব দেওয়া নয়, বরং যেকোনো তাৎক্ষণিক বা উদীয়মান হুমকি নস্যাৎ করার ক্ষেত্রেও আমরা পূর্ণ স্বাধীনতা বজায় রাখব।

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী নতুন করে দক্ষিণ লেবাননের ৭টি শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

হিজবুল্লাহর সঙ্গে চলমান উত্তেজনার জেরে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে বেসামরিক এলাকায় এই প্রাণহানি এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ পুরো যুদ্ধবিরতি প্রক্রিয়াকে চরম ঝুঁকির মুখে ফেলেছে।

সূত্র : আল জাজিরা, রয়টার্স

/জেএইচ/