শিরোনাম

ওয়াশিংটনে নৈশভোজ অনুষ্ঠানে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

সিটিজেন ডেস্ক
ওয়াশিংটনে নৈশভোজ অনুষ্ঠানে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে নৈশভোজের সময় গুলির শব্দ শোনা গেছে। এতে হঠাৎ নিরাপত্তা আতঙ্ক তৈরি হলে জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়।

শনিবার (২৫ এপ্রিল) ওয়াশিংটন হিলটন নামে হোটেলে এ ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে আল-জাজিরা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির একটি হোটেলে অনুষ্ঠিত হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ অনুষ্ঠান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তার নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যান।

এতে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ওয়াশিংটন হিলটন হোটেলের ভোজকক্ষে এই ঘটনা ঘটে। মূলত সেখানেই হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানটি চলছিল। একপর্যায়ে ভেতরে হঠাৎ জোরে শব্দ শোনা গেলে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, শব্দ শোনার পর ট্রাম্পসহ অনেকেই আতঙ্কে টেবিলের আড়ালে আশ্রয় নিচ্ছেন। এ সময় উপস্থিতদের কেউ কেউ ‘নিচে থাকুন’ বলে চিৎকার করছিলেন। এরপর যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ট্রাম্পকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই ভারী অস্ত্রে সজ্জিত নিরাপত্তা সদস্যরা ভোজকক্ষের চারপাশ ঘিরে ফেলে।

হোয়াইট হাউস সংবাদদাতা সমিতির সভাপতি ওয়েইজিয়া জিয়াং বলেন, অনুষ্ঠানটি পরে আবার শুরু হবে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে।

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প— উভয়কেই অনুষ্ঠানস্থল থেকে সিক্রেট সার্ভিস সরিয়ে নেয় বলে জানিয়েছে সিবিএস। তাদের সরিয়ে নেয়ার পর কাউন্টার অ্যাসল্ট টিম (সিএটি)-এর সশস্ত্র সদস্যদের মঞ্চে অবস্থান নিতে দেখা যায়। তারা লম্বা অস্ত্র তাক করে কক্ষের পেছনের দিকে নজর রাখছিলেন।

/এসবি/