শিরোনাম

মে মাসেই নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মে মাসেই নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী
রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে চলমান হাম পরিস্থিতি আগামী মে মাসের মধ্যেই সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এ লক্ষ্যে দেশের শতভাগ শিশুকে দ্রুত হামের টিকার আওতায় আনার কার্যক্রম জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৬১ শতাংশ শিশুকে টিকা দেওয়া হয়েছে। অনেক এলাকায় শতভাগ কভারেজ অর্জিত হয়েছে। যেসব ৩০টি উপজেলায় প্রথম টিকাদান কার্যক্রম শুরু হয়েছিল, সেখানে বর্তমানে কোনো রোগী নেই বলেও জানান তিনি।

তিনি বলেন, টিকা হাতে পাওয়ার পর নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী ৫ মে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরুর কথা থাকলেও তা ১৪ দিন এগিয়ে এনে ২০ এপ্রিল থেকেই কার্যক্রম শুরু করা হয়েছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, গত ছয় বছর শিশুদের নিয়মিত হাম টিকা দেওয়া হয়নি। জরুরি ভিত্তিতে সেই ঘাটতি পূরণে উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ইউনিসেফ, গ্যাভি, বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব সংস্থার সহায়তা না পেলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।

ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাসপাতালের বাইরে তাঁবু স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (১ মে) থেকে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে তাঁবু বসানোর কাজ শুরু হবে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চিকিৎসার প্রস্তুতি রয়েছে, তবে রোগীর সংখ্যা কমিয়ে আনাই মূল লক্ষ্য। এ জন্য মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিটি করপোরেশনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

/এসএ/