শিরোনাম

ডিভোর্সে থালাপতির গুনতে হতে পারে ২৫০ কোটি রুপি

সিটিজেন ডেস্ক
ডিভোর্সে থালাপতির গুনতে হতে পারে ২৫০ কোটি রুপি
থালাপতি বিজয়। ছবি: ইন্সটাগ্রাম

তামিল সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয় এবং তার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমের বিবাহবিচ্ছেদ ঘিরে ২৫০ কোটি রুপি (প্রায় সাড়ে ৩৫০ কোটি টাকা) খোরপোশ দাবি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। সমঝোতা না হওয়ায় আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ১৫ জুন এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে ২০ এপ্রিলের নির্ধারিত শুনানি স্থগিত করা হয়। আদালতে ব্যক্তিগত কারণে সময় চেয়ে আবেদন জানান অভিনেতা বিজয়। বর্তমানে তিনি তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত।

মামলা সূত্রে জানা গেছে, সঙ্গীতা ২৫০ কোটি রুপি এবং চেন্নাইয়ের একটি সমুদ্রতীরবর্তী বাড়ি খোরপোশ হিসেবে দাবি করেছেন। তবে বিজয় আদালতের বাইরে সমঝোতায় যেতে আগ্রহী। তিনি সর্বোচ্চ ৩৫ কোটি রুপি দিতে রাজি থাকলেও সঙ্গীতা নিজের দাবিতে অনড় রয়েছেন।

দুই পক্ষের মধ্যে খোরপোশ নিয়ে মতবিরোধের কারণে আলোচনা ও সমঝোতার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এর আগে সঙ্গীতা অভিনেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন বলে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়। ২০২১ সাল থেকেই দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন শুরু হয় এবং পরে সম্পর্ক ভেঙে যায় বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

এদিকে পারিবারিক এই পরিস্থিতির মধ্যে বিজয়ের ছেলে জেসন সঞ্জয় সামাজিক মাধ্যমে বাবাকে আনফলো করেছেন বলেও জানা গেছে।

/এসএ/