শিরোনাম

টাইমের ১০০ প্রভাবশালীদের তালিকায় ইরানের জাফর পানাহি

সিটিজেন ডেস্ক
টাইমের ১০০ প্রভাবশালীদের তালিকায় ইরানের জাফর পানাহি
ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি। ছবি: টাইম ম্যাগাজিন

বিশ্বখ্যাত সাময়িকী টাইম মগ্যাজিনে এবারের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা পেয়েছেন ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি।

টাইমের ওয়েবসাইটে তাকে নিয়ে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় সেন্সরশিপ ও চাপের মধ্যেও তিনি চলচ্চিত্র নির্মাণ চালিয়ে যাচ্ছেন। নিজ দেশে সিনেমা বানাতে গিয়ে বারবার ঝুঁকির মুখে পড়েছেন, এমনকি একাধিকবার কারাবন্দীও হয়েছেন। তবু থেমে থাকেননি এই নির্মাতা।

অস্কারে মনোনয়ন পাওয়া এই পরিচালকের কাজ নিয়ে টাইম লিখেছে, ইরানে মতপ্রকাশের স্বাধীনতার ওপর চলা দমন-পীড়নের বাস্তবতা তার চলচ্চিত্রে বারবার উঠে এসেছে। সেন্সরশিপকে তিনি প্রতিরোধের ভাষায় রূপ দিয়েছেন। তার সিনেমা শুধু গল্প বলে না, বরং একটি সমাজের সংগ্রাম ও ক্ষতের নির্মোহ দলিল হয়ে ওঠে

বারবার কারাবন্দী হওয়া প্রসঙ্গে পানাহি নিজেই একবার বলেছিলেন, ‘আমি এক বছরের জন্য কারাগারে যাব, তারপর বের হয়ে নতুন একটি চিত্রনাট্য লিখব।’ কথার প্রতিফলনও দেখা গেছে তার কাজে। সর্বশেষ ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ সিনেমার চিত্রনাট্য তিনি কারাগারে বসেই লিখেছিলেন। পরে সেটি গোপনে ইরানে শুট করা হয়। সিনেমাটিতে দীর্ঘদিনের রাজনৈতিক দমন-পীড়নের মধ্যে থাকা একটি জাতির মানসিক ক্ষত ও ন্যায়বিচারের সীমিত প্রত্যাশা তুলে ধরা হয়েছে।

২০২৫ সালে কানের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম হাতে জাফর পানাহি। ছবি: সংগৃহীত
২০২৫ সালে কানের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম হাতে জাফর পানাহি। ছবি: সংগৃহীত

ইরানের চলচ্চিত্রভাষায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা নির্মাতাদের অন্যতম পানাহি। ক্যারিয়ারের শুরুতে তিনি কাজ করেছেন কিংবদন্তি পরিচালক আব্বাস কিয়ারোস্তামির এর সহকারী হিসেবে। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া তার প্রথম চলচ্চিত্র ‘দ্য হোয়াইট বেলুন’ কানের আসরে স্বীকৃতি পায়। এরপর ‘দ্য মিরর’ ও ‘দ্য সার্কেল’ এর মতো চলচ্চিত্রে তিনি ধারাবাহিকভাবে প্রতিবাদী গল্প তুলে ধরেন।

তবে ২০০৬ সালে একটি চলচ্চিত্রে নারীদের ফুটবল মাঠে প্রবেশ নিষেধাজ্ঞার বিষয় তুলে ধরার পর তিনি কঠোর শাস্তির মুখে পড়েন। তাকে কারাদণ্ড দেওয়া হয় এবং চলচ্চিত্র নির্মাণ, সাক্ষাৎকার দেওয়া ও দেশত্যাগের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়।

উল্লেখ্য, ইরানের নিম্নমধ্যবিত্ত পরিবারে ১৯৬০ সালের ১১ জুলাই জন্ম নেন জাফর পানাহির। মাত্র ১০ বছর বয়সেই চলচ্চিত্রজগতের সঙ্গে পরিচিতি ঘটে তার। বার্লিন চলচ্চিত্র উৎসব থেকে গোল্ডেন বার্লিন বেয়ারসহ চারটি পুরস্কার পান তিনি। এ ছাড়া দুবার কানের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম পেয়েছেন তিনি। সব মিলিয়ে এখন পর্যন্ত কান থেকে ৫টি পুরস্কার পেয়েছেন।

/এসএ/