শিরোনাম

১৯ দিনেই এলো ২১২ কোটি ডলার রেমিট্যান্স

বিশেষ প্রতিনিধি
১৯ দিনেই এলো ২১২ কোটি ডলার রেমিট্যান্স
ছবি: সংগৃহীত

প্রবাসীদের পাঠানো আয়ের হাত ধরে দেশের অর্থনীতিতে বইছে সুবাতাস। চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনেই বৈধ পথে দেশে এসেছে ২১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। গত বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ২৩ দশমিক ৮ শতাংশ বেশি। খাতা-কলমে এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের স্বস্তি দিচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

বিশেষজ্ঞদের মতে, অর্থবছরের শেষ প্রান্তিকে এসে রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী গতি দেশের সামগ্রিক অর্থনীতির জন্য 'লাইফলাইন' হিসেবে কাজ করবে। এটি কেবল রিজার্ভ বাড়াতে সাহায্য করবে না, বরং বাজারে ডলারের অস্থিরতা কমিয়ে টাকার মান স্থিতিশীল রাখতেও বড় ভূমিকা রাখবে।

প্রবাসীদের এই পাঠানো অর্থ গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করার পাশাপাশি আসন্ন ঈদ বা উৎসবের মৌসুমে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধিতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী, গত বছরের (২০২৫) ১ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ৯০ লাখ ডলার। সেখানে ২০২৬ সালের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ২১২ কোটি ৭০ লাখ ডলারে। শুধুমাত্র একদিনেই (১৯ এপ্রিল) প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৫ কোটি ৯০ লাখ ডলার।

খাত সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে ডলারের রেট আকর্ষণীয় হওয়া এবং প্রবাসীদের মধ্যে বৈধ পথে টাকা পাঠানোর প্রবণতা বাড়ায় এই অর্থনীতিতে উল্লম্ফন দেখা দিয়েছে।

শুধুমাত্র এপ্রিল মাসেই নয়, চলতি পুরো ২০২৫-২৬ অর্থবছরের চিত্রও বেশ আশাব্যঞ্জক। ২০২৫-২৬ অর্থবছরে (১৯ এপ্রিল পর্যন্ত) দেশে এসেছে ২৮ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার। এদিকে, ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে দেশে এসেছিলো ২৩ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার।

পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ২০ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

/এসবি/