শিরোনাম

বাণিজ্যচুক্তি বাস্তবায়নের তাগিদ নিয়ে আজ ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক
বাণিজ্যচুক্তি বাস্তবায়নের তাগিদ নিয়ে আজ ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য প্রতিনিধি দল আজ মঙ্গলবার (৫ মে) ঢাকা সফরে আসছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া–বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে এই দল ৫–৭ মে ঢাকা সফর করবে।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে এই সফরে আলোচনা করবে প্রতিনিধিদলটি। গতকাল (৪ মে) সোমবার গণমাধ্যমে পাঠানো ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই বলেন, ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্যচুক্তি বাস্তবায়নে অংশীদারি প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। এই চুক্তির মাধ্যমে দুই দেশের পণ্যের বাজারে প্রবেশাধিকার সহজ হবে। একই সঙ্গে বিনিয়োগের বাধা দূর করে বাণিজ্যিক সুযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি আনবে।’

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্যচুক্তি (অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোক্যাল ট্রেড-এআরটি) স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির আওতায় বাংলাদেশকে ১৩১টি শর্ত এবং যুক্তরাষ্ট্রকে মাত্র ৬টি শর্ত মানতে হবে। তবে এই চুক্তি নিয়ে দেশে নানা ধরনের সমালোচনা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এই চুক্তি বাতিলের দাবি করেছে।

/এফআর/