শিরোনাম

ডিএপি সার কারখানার উৎপাদন বন্ধ

চট্টগ্রাম সংবাদদাতা
ডিএপি সার কারখানার উৎপাদন বন্ধ
ছবি: সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত সার কারখানা ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে উৎপাদন বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে অ্যামোনিয়া সংকটে কারখানাটিতে সার উৎপাদন বন্ধ হয়ে পড়ে। কারখানাটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙাদিয়া এলাকায় অবস্থিত।

কারখানার কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী দুই সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে সরবরাহ করা অ্যামোনিয়া নিয়ে ডিএপি কারখানায় উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। তবে গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে সিইউএফএল ও কাফকোতে অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে দু্ইটি কারখানা থেকে ডিএপি সার কারখানায়ও অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে পড়ে।

দেশের কৃষি খাতে যৌগিক সারের (নাইট্রোজেন ও ফসফরাস সংবলিত) চাহিদা মেটানোর লক্ষ্যে সরকার কারখানাটি স্থাপন করে। ২০০৬ সাল থেকে কারখানাটিতে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। ওই কারখানার দুটি ইউনিটের প্রতিটিতে ৮০০ মেট্রিক টন সার উৎপাদনের ক্ষমতা রয়েছে।

ডিএপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মাঈনুল হক গণমাধ্যমকে বলেন, গত ৪ মার্চ থেকে আমরা অ্যামোনিয়া পাচ্ছি না। এরপরও আগের মজুত দিয়ে কারখানায় উৎপাদন চলে আসছিল। মজুত শেষ হওয়ায় আপাতত উৎপাদন বন্ধ রয়েছে। যখনই অ্যামোনিয়া পাওয়া যাবে, পুনরায় উৎপাদন শুরু হবে।

/এসআর/