শিরোনাম

ফিলিং স্টেশনের কর্মীর গলায় ছুরি ধরে ১৬৭ লিটার পেট্রোল লুট

রংপুর সংবাদদাতা
ফিলিং স্টেশনের কর্মীর গলায় ছুরি ধরে ১৬৭ লিটার পেট্রোল লুট
ফিলিং স্টেশন থেকে শুক্রবার দুপুরে একদল ব্যক্তি পেট্রোল লুট করে নিয়ে যান। ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জ উপজেলার একটি ফিলিং স্টেশনের কর্মীকে গলায় ছুরি ধরে ১৬৭ লিটার পেট্রোল লুটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে পীরগঞ্জ থানায় এই অভিযোগ করেছেন মেসার্স উজ্জ্বল ফিলিং স্টেশনের ব্যবস্থাপক রুহুল আমিন। ওই দিন দুপুরে টুকুরিয়া ইউনিয়নের দুধিয়াবাড়ী বটপাড়া এলাকার ফিলিং স্টেশনটিতে পেট্রোল লুটের ঘটনা ঘটে।

পাঁচজনের নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন– হানিফুল ইসলাম, রাজু মিয়া, সোহেল মিয়া, নাহিদ মিয়া ও রাসেল মিয়া। এছাড়া আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, উজ্জ্বল ফিলিং স্টেশনে শুক্রবার বেলা দেড়টার দিকে জুমার নামাজের সময় আসামিরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসহ ফিলিং স্টেশনে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা স্টেশনে কর্মরত মিটারম্যান ফরহাদ মিয়াকে মারধর এবং গলায় ছুরি ধরে প্রাণনাশের ভয় দেখান। একপর্যায়ে তিনি আত্মরক্ষার্থে ভেতরে আশ্রয় নেন। এরপর হামলাকারীরা পাম্পের সুইচ চালু করে জেরিকেন ও মোটরসাইকেলে প্রায় ১৬৭ লিটার পেট্রোল ভরে নিয়ে যায়।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীরা ফিল্মি স্টাইলে সংঘবদ্ধভাবে এসে দ্রুত তেল নিয়ে চলে যান।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা গণমাধ্যমকে বলেন, ফিলিং স্টেশনে হামলা ও পেট্রোল লুটের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/