শিরোনাম

গৃহবধূকে হত্যার পর পুঁতে রাখার চেষ্টা, স্বামী পলাতক

জয়পুরহাট সংবাদাতা
গৃহবধূকে হত্যার পর পুঁতে রাখার চেষ্টা, স্বামী পলাতক
মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি: সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক গৃহবধূকে হত্যার পর মরদেহ ধানখেতে পুঁতে রাখার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের বিলেরঘাট এলাকার একটি ধানখেতে অর্ধপোতা অবস্থায় মরদেহটি দেখতে স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নারীর নাম আশুরা বেগম (৪৫)। তিনি বিলেরঘাট এলাকার সুতার গুচ্ছগ্রামের বাসিন্দা। এ ঘটনার পর থেকে তার তৃতীয় স্বামী বাবলু হোসেন পলাতক রয়েছেন।

পুলিশের প্রাথমিক ধারণা, হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে মাটিচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

জানা গেছে, নিহত আশুরা বেগমের প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। তবে দ্বিতীয় স্বামী মারা যায়। পরে তিনি বাবলু নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল।

স্থানীয়রা জানান, শুক্রবার দিনের বেলায় আশুরা বেগমকে তার স্বামী বাবলুর সঙ্গে দেখা গেছে। পরে রাতে গুচ্ছগ্রামের পাশের একটি ধানখেতে আশুরা বেগমের মরদেহ অর্ধেক মাটিচাপা অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে রাত ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর বাবলুকে এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকলেছুর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মরদেহ গুম করার জন্য মাটিচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

/এফআর/