শিরোনাম

৩ সন্তানের জীবন বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন বাবা-মা

নিজস্ব প্রতিবেদক
৩ সন্তানের জীবন বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন বাবা-মা
আগুনে পুড়ে যাওয়া বাড়ি। ছবি: সংগৃহীত

ঢাকার দোহারে বসতবাড়ির আগুনে পুড়ে আবদুস সালাম শিকদার ও নাসিমা বেগম নামে এক দম্পতির মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে দোহারের বিলাশপুর রাধানগর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মধ্যরাতে হঠাৎ বিলাশপুর রাধানগর গ্রামের আবদুস সালাম শিকদারের বাড়িতে আগুন লাগে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। আটকা পড়া তিন সন্তানকে নিরাপদে ঘর থেকে বের করেও আনেন এই দম্পতি। তবে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় নিজেরা আর ঘর থেকে বের হতে পারেননি। ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাদের চেষ্টায় ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে নিহত দম্পতির পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।

ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘আগুনে সালাম ও তার স্ত্রীর নাসিমা ঘটনাস্থলেই মারা যান। পরে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। ঘটনাটি কী নাশকতা নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’