শিরোনাম

চবি শিক্ষার্থীদের ওপর আবারও স্থানীয়দের হামলা, সাংবাদিকসহ আহত ৪

চবি সংবাদদাতা
চবি শিক্ষার্থীদের ওপর আবারও স্থানীয়দের হামলা, সাংবাদিকসহ আহত ৪
হামলার প্রতিবাদে বিক্ষোভে চাকসু নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কয়েক দিনের ব্যবধানে আবারও স্থানীয়দের হামলার শিকার হয়েছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধি জাহিন সরকার আবিরসহ চার শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী হলেন– বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আলীমুল শামীম, একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হোসেন ফরহাদ, তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধি জাহিন সরকার আবির এবং আশিকুর ইসলাম। তাদের মধ্যে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইটের সড়কের রেলক্রসিং সংলগ্ন ইসলামিয়া হোটেল থেকে খাওয়া শেষে বাসে ওঠার সময় হঠাৎ ‘নারায়ে তাকবীর’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় তাদের দিকে দুই ব্যক্তি তেড়ে আসে। একপর্যায়ে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধি আবার ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাকে বেধড়ক মারধর ও লাঠি দিয়ে হাতে আঘাত করে স্থানীয়রা। এ ঘটনায় আরও তিন শিক্ষার্থী আহত হন।

প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, ‘আমরা বাসে ওঠার সময় একজন মজার ছলে ‘নারায়ে তাকবীর’ স্লোগান দেয়। এসময় স্থানীয় একজন চিৎকারের কারণ জানতে চায়। পরে হঠাৎ করেই হামলা চালায়।’

আহত চবি শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
আহত চবি শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

এদিকে, হামলার ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেতৃবৃন্দ।

এসময় চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন,‘আমরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ধারাবাহিক অনাকাঙ্ক্ষিত ঘটনা চবিয়ানদের ধৈর্যের সীমা অতিক্রম করে চলেছে। প্রশাসনকে বলবো, অতি দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করেন।’

তিনি আরও বলেন, ‘আমি চবিয়ান ভাই–বোনদের উদ্দেশ্যে বলবো, প্রশাসনিকভাবেই উক্ত সমস্যার সমাধান করা হবে ইনশাআল্লাহ।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘একজন সাংবাদিকসহ তিন শিক্ষার্থীকে মারধরের খবর পেয়েছি। আহতদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে হাটহাজারী থানার ওসিসহ পুলিশ সদস্যরাও আসেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।’

এর আগে, গত ১৪ এপ্রিল অতিরিক্ত ভাড়া দাবি করার প্রতিবাদ করায় সিএনজি চালকের মারধরে শিকার হন বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স বিভাগের এ শিক্ষার্থী।

/এফআর/